রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ১১৯টি কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ভোট গণনা শেষ হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়।
এ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন ও প্রিসাইডিং কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, সুন্দরভাবে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকাল সাড়ে ৪টায়। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ২২১। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৫৬৫ ও নারী ভোটার ২ হাজার ৬৫৬। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী-৬ আসনে মোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে বাঘায় ৬১টি এবং চারঘাটে ৫৮টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২টি। এরমধ্যে বাঘায় ২৪টি এবং চারঘাটে ১৮টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।