শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট শেষে চলছে গণনা

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৮ পিএম
শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট শেষে চলছে গণনা

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়ায় শান্তিপূর্ণ সংসদ নির্বাচন ও গণভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। শেষ পর্যন্ত এই আসনে ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে । উপজেলার ১২১ ভোটকেন্দ্রে খোঁজ নিয়ে দেখা যায়, ভোর হওয়ার সাথে সাথেই ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের সরব উপস্থিতি ছিল। দীর্ঘদিন পর শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি এলাকার লোকজন। কুশমাইল ইউনিয়নের আমেনা খাতুন জানান, দীর্ঘদিন পর লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে আমি ভীষণ খুশি।

পৌর সদরের বানুঋষি  জানান, শান্তিপূর্ণ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুশি। এই চিত্র উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রের। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে  চলছে ভোট গণনা। সরেজমিনে দেখা যায়, ভিতরে গণনা চললেও কেন্দ্রের বাহিরে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা ফলাফলের জন্য অবস্থান করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলবাড়ীয়া  উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোনো ধরনের ঘটনা মোকাবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, সেনাবাহিনী , বিজিবি, ব্যাটালিয়ান আনসার র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর  বিভিন্ন ইউনিট নির্বাচনে মাঠে রয়েছে। নির্বাচনের পরেও এই অবস্থা অপরিবর্তিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে