ঢাকা-৯ এ বড় ব্যবধানে এগিয়ে হাবিব, তাসনিম জারা তৃতীয় স্থানে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০১ পিএম
ঢাকা-৯ এ বড় ব্যবধানে এগিয়ে হাবিব, তাসনিম জারা তৃতীয় স্থানে

রাজধানীর আলোচিত ঢাকা-৯ আসনে ঘোষিত কেন্দ্রগুলোর ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, তার ধারেকাছেও নেই স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে।

এই আসনের ১৬৯টি কেন্দ্রের মধ্যে ৫৫টির ঘোষিত ফলে ধানের শীষ প্রতীক পেয়েছে ৩৭ হাজার ৫৬৯ ভোট। শাপলা কলি প্রতীক পেয়েছে ১৬ হাজার ২৮৩ ভোট। ফুটবল প্রতীক পেয়েছে ১২ হাজার ৩১১ ভোট। ফলে প্রাপ্ত ভোটের হিসাবে হাবিবুর রশীদ হাবিব স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

অন্যদিকে মোট ১০৮টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৪৯টি কেন্দ্রের ফলাফলেও একই চিত্র দেখা গেছে। সেখানে হাবিবুর রশীদ হাবিব পেয়েছেন ৩৪ হাজার ৪৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাবেদ মিয়া, প্রতীক শাপলা কলি, পেয়েছেন ১৫ হাজার ৭৪১ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, প্রতীক ফুটবল, পেয়েছেন ১২ হাজার ৮৮৭ ভোট। এই হিসাবে ফুটবল প্রতীকের চেয়ে ধানের শীষ ২১ হাজার ৫৪৭ ভোটে এগিয়ে রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনটি ছিল আলোচনার কেন্দ্রে। সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন। আসনটিতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে তাসনিম জারা শুরুতে এনসিপির হয়ে লড়ার কথা থাকলেও পরে দল থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। তাকে ঘিরে আলোচনাও ছিল ব্যাপক। তবে কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

অন্যান্য আসনের মতো এই আসনেও দিনভর শান্তিপূর্ণ ভোট হয়েছে। সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিভিন্ন কেন্দ্রে ভোটগণনা চলছিল। ঘোষিত কেন্দ্রগুলোর ফলে বিএনপি প্রার্থীর বড় ব্যবধান কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। তবে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল প্রকাশের পরই চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

আপনার জেলার সংবাদ পড়তে