হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৯ পিএম
হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

খুলনা-৫ আসনে শেষ পর্যন্ত জয় পেলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে হারিয়ে দেন তিনি। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আলি আসগার পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। শেষ পর্যন্ত ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৭০২ ভোটে।

খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামী তুলনামূলক ভালো করলেও গুরুত্বপূর্ণ এই আসনে দলের শীর্ষ নেতা পরওয়ার জয় ছিনিয়ে আনতে পারেননি। রাজনৈতিকভাবে গুরুত্ববহ এই আসনে শুরু থেকেই জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত গণনা শেষে এগিয়ে থাকেন বিএনপির প্রার্থী।

খুলনা-৫ আসনটি ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। বড় দুই দলের শক্ত অবস্থানের কারণে ভোটের মাঠ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বিশ্লেষকদের মতে, ভোটের ব্যবধান কম হওয়ায় আসনটিতে উভয় পক্ষের সাংগঠনিক সক্ষমতার প্রতিফলন দেখা গেছে। বিশেষ করে শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থকদের সক্রিয় উপস্থিতি লড়াইকে টানটান করে তোলে। তবে শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থীই বিজয়ের হাসি হাসেন।

আপনার জেলার সংবাদ পড়তে