নেত্রকোনা-৪ এ ১৭ বছর পর ফিরেই

লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২০ পিএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২০ পিএম
লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২১ হাজার ৪২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফল ঘোষণার পর মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। ফলে বিপুল ব্যবধানে এগিয়ে থাকেন বাবর। তবে আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা রয়েছে।

এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেসুর রহমান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের জলি তালুকদার এবং বাংলাদেশ রেভল্যুশনারি ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। তবুও মূল লড়াই ছিল ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে।

নেত্রকোনা-৪ আসনে মোট ১৪৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে বাবরের এগিয়ে থাকার চিত্র স্পষ্ট হয়। দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিয়ে এমন ফলকে স্থানীয়রা বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। অনেকে বলছেন, “এটা বাবরের প্রতি মানুষের আস্থার প্রকাশ।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় শেষ হয় ভোট। শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বাবরের জয়ের খবরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে সমর্থকদের। দলীয় নেতাকর্মীরা এটিকে “জনগণের রায়” হিসেবে উল্লেখ করেছেন।