জামালপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বেসরকারিভাবে নির্বাচিত

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩২ পিএম
জামালপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বেসরকারিভাবে নির্বাচিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসলামপুর উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু মোট ৯৫,৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী পান ৬১,৬৫৫ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী পেয়েছেন ১,৪৭৪ ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী অর্ণব ওয়ারেস খান পেয়েছেন ১৩৭ ভোট। উপজেলার মোট ২,৮২,১০৩ জন ভোটারের মধ্যে ১,৫৮,৯৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৫৬.৩৪ শতাংশ। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।