‘ইঁদুর-বিড়াল খেলা চলছে’, নির্বাচন প্রক্রিয়ায় অসঙ্গতি অভিযোগ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪০ এএম
‘ইঁদুর-বিড়াল খেলা চলছে’, নির্বাচন প্রক্রিয়ায় অসঙ্গতি অভিযোগ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে কিছু আসনের ফলাফলে অস্বাভাবিক বিলম্বের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতে আমরা এগিয়ে আছি এবং গণনাও সম্পন্ন হয়েছে, কিন্তু স্থানীয় রিটার্নিং অফিসাররা ফল ঘোষণা করছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন।”

তিনি আরও অভিযোগ করেন, ওয়েবসাইটে কিছু তথ্য অপ্রত্যাশিতভাবে প্রকাশিত হয়েছে এবং মাঝখান থেকে হঠাৎ উধাও হয়ে গেছে। শফিকুর রহমান বলেন, “আমাদের লোকদেরকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়েছে। কিছু কিছু কেন্দ্রের বেসরকারি ফলাফল এভাবে দেওয়া হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো তথ্য এখনো নেই। আমরা আশা করছি নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি ভেতরে পূর্ণাঙ্গ ফলাফল জানাবে।”

জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, ঢাকার কিছু আসনে ‘ইঁদুর-বিড়াল খেলা’ চলছে, বিশেষ করে ঢাকা-৮ আসন এখনও ঝুলে আছে। তিনি বলেন, “এগুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না। এগুলো অসুস্থ ধারার রাজনীতি। বিষয়গুলো আমরা বিবেচনায় নিবো এবং জাতিকে জানাবো যাতে ভবিষ্যতে একই ধরনের মন্দ প্রক্রিয়ার পুনরাবৃত্তি না হয়।”

শফিকুর রহমান সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, দলটি ইতিবাচক ধারার রাজনীতি অব্যাহত রাখবে। “রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে সবাইকে তা মেনে নিতে হবে। পাস করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না। কোরআনের নীতিমালা অনুসারে ভালো কাজে সহযোগিতা করব, মন্দ কাজে বিরোধিতা করব।”

সংবাদ সম্মেলনে জামায়াত জোটের ১১ দলের নেতারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। শফিকুর রহমান জানান, তারা সকল ফলাফল হাতে পাওয়ার পর বিস্তারিত বিশ্লেষণ করে চূড়ান্ত অবস্থান জাতিকে জানাবেন।

তিনি বলেন, “যে আসনে আমরা এগিয়ে আছি, সেখানে স্থানীয়ভাবে কিছু টালবাহানা হচ্ছে। তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। সরকারের অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত হলে আমরা তা গ্রহণ করব এবং সঠিক তথ্য জনগণের কাছে জানাব।”