ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের পর সরকার গঠনে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে তার দুটি নির্বাচনী আসন—বগুড়া-৬ এবং ঢাকা-১৭—এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে, ধানের শীষের প্রার্থীরা বিপুলসংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকেই ইতিমধ্যেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের মাধ্যমে সরকার গঠন করবে।”
তবে তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন স্থানে কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল ও সহিংসতার ঘটনা ঘটেছে। “নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩ ও ঢাকা-১৬–সহ কিছু আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে,” বলেন তিনি।
মাহদী আমিন আরও বলেন, “বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য বিজয়কে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে। এর ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধান কমাচ্ছে এবং দেশের স্বতঃস্ফূর্ত ভোটার অংশগ্রহণ কিছুটা ব্যাহত করছে।”
তিনি জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, “গণতন্ত্রকামী মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং বিজয়ী করেছেন। এ জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।” সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।