ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। বেসরকারি ফলাফলে এগিয়ে থাকা দলটির চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোথাও কোনো বিজয় মিছিল, সভা বা সমাবেশ করা যাবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান। বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর সই করা ওই বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়।
ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে, সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হলে শুরু হয় গণনা। রাতেই বিভিন্ন আসনের বেসরকারি ফল ঘোষণা করতে থাকেন রিটার্নিং কর্মকর্তারা। এখন পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে অধিকাংশ আসনের ফল প্রকাশ হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট ১৬৮টির বেশি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে উল্লেখযোগ্যসংখ্যক আসন। অন্যান্য দলও কয়েকটি আসনে জয়ী হয়েছে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার অনেকটাই অতিক্রম করেছে বিএনপি জোট।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “শুক্রবার জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।” একই সঙ্গে তিনি নির্দেশ দেন, “কোথাও কোনো বিজয় মিছিল, সভা-সমাবেশ করা যাবে না।”
দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী সময়কে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা তৈরি হোক, তা বিএনপি চায় না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফল ঘোষণার প্রক্রিয়া চলমান থাকলেও বড় ব্যবধানে এগিয়ে থাকার কারণে বিএনপি এখন সরকার গঠনের প্রস্তুতিতে মনোযোগী। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজয় উদযাপন না করার নির্দেশ দলটির কৌশলগত সতর্কতার ইঙ্গিত দেয়।