ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত আসন ময়মনসিংহ-১০ গফরগাঁও -এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এম. এন আব্দুল্লাহ আল মামুন ফলাফল নিশ্চিত করেন। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১১১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের আবু বকর সিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৪২৪ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। তিনি পেয়েছেন ৬৪ হাজার ১৬৯ ভোট।
ময়মনসিংহ-১০ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯ হাজার ৩৬৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ১২০, নারী ভোটার ২ লাখ ২৪১ জন এবং তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। আসনটি গফরগাঁও ও পাগলা থানা নিয়ে গঠিত। নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর তাঁর জয়ের বিষয়ে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলেই আমি গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচিত হলাম। জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখাই আমার প্রধান লক্ষ্য।"