নেত্রকোনা-১ আসনে বিএনপি’র ব্যারিস্টার কায়সার কামাল জয়ী

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩০ পিএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩০ পিএম
নেত্রকোনা-১ আসনে বিএনপি’র ব্যারিস্টার কায়সার কামাল জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি কলমাকান্দা ও দুর্গাপুর-উভয় উপজেলাতেই নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেন। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি মোট ১,৫৬,৯২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী (রিকশা প্রতীক) পেয়েছেন ৮৬,৬৭২ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান (লাঙ্গল) পেয়েছেন ১,০০৭ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে) ৪,৩৫৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. মান্নান (হাতপাখা) ২,২০১ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. বেলাল হোসেন পেয়েছেন ৩৩৪ ভোট।

দুর্গাপুর উপজেলায় ভোট প্রদানের হার ছিল ৫৮.৫১ শতাংশ এবং কলমাকান্দা উপজেলায় ৫৫.৫৫ শতাংশ। উভয় উপজেলার ১২৪টি কেন্দ্রের গড় ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৫৬.৯৩ শতাংশ। ফলাফল ঘোষণার পর থেকেই কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই বিজয় শুধু তার একার নয়, এটি কোনো একটি দলেরও বিজয় নয়; বরং এটি কলমাকান্দা ও দুর্গাপুরের আপামর জনগণের-আবাল-বৃদ্ধ-বনিতার সম্মিলিত বিজয়। তাই এ বিজয়কে কেন্দ্র করে কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা হবে না। তিনি জানান, শুক্রবার জুমার দিনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুকরিয়া নামাজ আদায় করা হবে এবং পাশাপাশি নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনার আয়োজন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।