টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা হুমায়ূন কবির-কে নিজ হাতে মিষ্টি খাইয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক সৌজন্য সাক্ষাৎকালে এ হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। এ সময় মাওলানা হুমায়ূন কবির অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও সম্মান জানান। সাক্ষাতে উভয় নেতা নির্বাচনের পর পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকেই মনে করছেন, এমন দৃষ্টান্ত রাজনৈতিক সহনশীলতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।