বিএনপির এ বিজয় ‘গণতন্ত্রের বিজয়’: মাহদী আমীন

এফএনএস সংবাদপ্রবাহ:
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৪ পিএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৪ পিএম
বিএনপির এ বিজয় ‘গণতন্ত্রের বিজয়’: মাহদী আমীন

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানিয়েছেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন। আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।”

মাহদী আমীন বলেন, “বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতার দল। আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, সমস্যার সমাধান হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অটুট থাকবে-এটি আমাদের নেতা নিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।

‘আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার নিশ্চিত করবে। রাষ্ট্রীয় মালিকানা সুসংহত করা হবে। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পথপরিক্রমায় বহু গুম, খুন, হামলা-মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন নেতাকর্মীরা। বহু শহীদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই বিজয় অর্জিত হয়েছে। আমাদের নেতা শহীদদের পরিবারের প্রত্যাশা পূরণ করবেন’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে