ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে চূড়ান্ত ফলাফলে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন জামায়াতের প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী। রাজনীতির মাঠে আওয়ামীলীগ বিহীন এই নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হয়েছে অভূতপূর্ব প্রতিদ্বন্দ্বিতা। বিজয়ের শেষ হাসি হেসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইউবী। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৪০ হাজার ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যায় লড়াই ছিল সমানে সমান: সালাহউদ্দিন আইয়ুবী (দাঁড়িপাল্লা): ১ লাখ ১ হাজার ৭৭৯ (বিজয়ী) শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ): ৯০ হাজার ৩৯০ ভোট। বিজয়ী প্রার্থী সালাহউদ্দিন আইউবী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নানের চেয়ে ১১ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্টদের মতে এবারের নির্বাচনে কাপাসিয়ায় ভোটার উপস্থিতি ছিল ‘সন্তোষজনক’। পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ১২৩টি কেন্দ্রে ৬১.৬৫% ভোট কাস্টিং হয়েছে। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর বাইরে বাকি প্রার্থীদের ভোট প্রাপ্তি ছিল নগণ্য: জাতীয় পার্টির এনামুল কবির (লাঙ্গল): ২১৪৭ ভোট, ইসলামী আন্দোলনের মো. কাজিম উদ্দিন (হাতপাখা): ২৩৪৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল্লাহ (ফুটবল): ১৫২১ ভোট, সিপিবি’র মানবেন্দ্র দেব: ১০৯১ ভোট ও আমজনতা দলের জাকির হোসেন: ২৭৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মনির হোসেন এনপিপি: ১৩৫ ভোট । ফলাফল ঘোষণার পর থেকেই পুরো কাপাসিয়া জুড়ে বইছে উৎসবের আমেজ। সালাহউদ্দিন আইউবীর সমর্থকরা শুকরানা নামাজ আদায় করেন। কোথাও কোথাও ‘দাঁড়িপাল্লা’র নামে স্লোগান দিয়েছেন। এছাড়া উল্লসিত কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণও ছিল দৃশ্যমান। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি দায়িত্ব বুঝে নেবেন বলে সূত্র জানায়।