গাইবান্ধা-৩ আসনের

বিজয়ী জামায়াত প্রার্থীর কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের বার্তা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৬ এএম
বিজয়ী জামায়াত প্রার্থীর কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের বার্তা

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা। তার এ বিজয়ে সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “এই বিজয় আমার ব্যক্তিগত নয়, এটি সাদুল্যাপুর ও পলাশবাড়ীর আপামর জনসাধারণের বিজয়। দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা যে আস্থা ও ভালোবাসা আমার ওপর রেখেছেন, তার মর্যাদা আমি আমার শ্রম ও সেবার মাধ্যমে রক্ষা করব, ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে অবহেলিত অবকাঠামো উন্নয়ন তাঁর অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকবে। দল-মত নির্বিশেষে সবার জন্য তাঁর দরজা খোলা থাকবে বলেও আশ্বাস দেন তিনি। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সংযত ও দায়িত্বশীল আচরণের অনুরোধ করেন। প্রতিহিংসা বা বিশৃঙ্খলায় না জড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরও জোর দেন তিনি। বিবৃতির শেষাংশে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের সেবা করতে পারি। সাদুল্যাপুর-পলাশবাড়ীকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলাই এখন আমার প্রধান লক্ষ্য।”।