বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার গভির রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত জোট।
এসময় গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকার কথাও জানান জামায়াত আমির।
“জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার পাশাপাশি সরকারকে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকব,”বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, ৭৭টি আসন নিয়ে, সংসদে উপস্থিতি প্রায় চারগুণ বাড়ানোর ফলে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী।
এই প্রেক্ষাপটকে রাজনৈতিক ভাগ্য পরিবর্তন হিসেবেও উল্লেখ করেছেন ডা. শফিকুর রহমান।
“২০০৮ সালে, বিএনপি ৩০টি আসনে নেমে আসে এবং ২০২৬ সালে সরকার গঠনে ফিরে আসে, এই যাত্রায় ১৮ বছর লেগেছে,”বলেন তিনি।
এর আগে কারচুরি করে প্রার্থী নির্বাচন করা, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা এমনকি কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।