স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলায় ধানের শীষের ৯ কর্মী আহত, আটক ১

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫২ পিএম
স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলায় ধানের শীষের ৯ কর্মী আহত, আটক ১

নাটোরের সিংড়ায় ধানের শীষে ভোট করার অপরাধে এছাতন (৩০) নামের এক নারীর ডান হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে পরাজিত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের ঘোড়া প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। তাকে উদ্ধারে এসে ওই ওয়ার্ডে দায়িত্ব পালনকারী ধানের শীষের এজেন্ট সহ আরো ৮ জনকে মারধর করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সিংড়া পৌরসভার পারসিংড়া (সাপুড়ে পাড়া) মহল্লায় এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিয়ামুল ইসলাম নেহালকে আটক করেছে পুলিশ।  জানা যায়, ধানের শীষের বিজয় ও স্বতন্ত্র প্রার্থীর পরাজয়ের জের ধরে শনিবার সকালে ধানের শীষে ভোট করার অপরাধে এছাতন নামের এক নারীকে পিটিয়ে তার হাতের আঙ্গুল ভেঙ্গে দেন পরাজিত স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিয়ামুল ইসলাম ওরফে নেহাল ও তার লোকজন। পরে তাকে উদ্ধারে এসে স্থানীয় সিংড়া চলনবিল মহিলা কলেজে ভোটের দিন দায়িত্ব পালনকারী ধানের শীষের এজেন্ট সুবিনা (৩০) সহ আরো সাতজন ধানের শীষের কর্মীর উপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। আহত অন্যরা হলেন রুপসি (৩০), মুছাম্মা (২৫), তাসলিমা (৩০), পিয়সি (৭০), ফরিদা (৫০), আছলিমা (৬০) ও ইরিনা (১৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর জাহেদুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থী আনু স্যারের পক্ষে ভোট করায় এই হামলার ঘটনা ঘটেছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার দাবি করেন। সিংড়া থানার ওসি আ,স,ম আব্দুন নূর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িত নিয়ামুল ইসলাম ওরফে নেহাল নামের একজনকে আটক করা হয়েছে। বাঁকীদের আটকের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে