কাপাসিয়ায় বিজয়ের পর সবার সহযোগিতা চাইলেন জামাত নেতা সালাউদ্দিন আইউবী

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৬ পিএম
কাপাসিয়ায় বিজয়ের পর সবার সহযোগিতা চাইলেন জামাত নেতা সালাউদ্দিন আইউবী
গাজীপুর- ৪, কাপাসিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আইউবী। সালাউদ্দিন আইউবী বলেন, এ বিজয় শুধু জামায়াতের নয়, এটি কাপাসিয়ার গণমানুষের বিজয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ যেন মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারেন সেটি তার প্রধান লক্ষ্য। বিজয়ের পর সালাউদ্দিন আইউবী কাপাসিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কাপাসিয়ায় ঐতিহাসিক দুটি পরিবারের প্রভাব রয়েছে। একটি হলো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের পরিবার এবং অন্যটি হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্'র পরিবার। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ৭৭৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সম্মান জানিয়ে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে তাঁর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, কাপাসিয়ায় কোথাও জামাত বা শিবিরের কোন নেতাকর্মী আধিপত্য বিস্তার বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত হলে প্রমাণ পাওয়ার সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাপাসিয়ার মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, এখানে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। তাই সবাইকে সহনশীল পরিবেশ বজায় রাখার আহবান জানান।
আপনার জেলার সংবাদ পড়তে