লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজার এলাকায় অবস্থিত বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা হঠাৎ বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রায়পুর-লক্ষ্ণীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, এক মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ৪৫ দিনের জন্য কারখানা ছুটির নোটিশ দেওয়া হয়েছে। কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কর্মরত। রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, মালিকপক্ষ আগামীকাল রোববারের মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ বলছে, কাঁচামাল সংকটের কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।