ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোঃ আখতারুজ্জামান মিয়া। গত ১২ বৃহস্পতিবার দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি ‘ধানের শীষ’ প্রতীকে বড় ব্যবধানে নির্বাচিত হন। এই আসনে মোট ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩ লাখ ৬ হাজার ৯৯১ জন। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী মোঃ আখতারুজ্জামান মিয়া পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৮১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আফতাব উদ্দিন মোল্লা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯০৩ ভোট। ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুর-৪ আসনে এবারের নির্বাচনে জামায়াতের সঙ্গে লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত প্রায় ৩৮ হাজার ৯০৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্ট হওয়া ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট অর্জন করতে হয়। সে হিসাবে দিনাজপুর-৪ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩৮ হাজার ৩৭৪ টি ভোট। তবে বাকি দুই প্রার্থী সেই কোটা পূরণে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ আনোয়ার হোসাইন ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৯৯ ভোট এবং জাতীয় পার্টি এর প্রার্থী মোঃ নুরুল আমিন শাহ ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট।