পাবনার চাটমোহরে নির্বাচনী পরবর্তী ঘটনার জের ধরে পৃথক দু’টি ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি দু’টি ঘটেছে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। প্রথম ঘটনাটি ঘটে উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে। ওই গ্রামের বাসিন্দা জামায়াতের ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি সাজেদুর মোল্লা (৫০) শনিবার দিবাগত রাত ৮টার দিকে পাশের দোকান থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে মারপিট করে এবং ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সাজেদুর মোল্লা জানান,তাকে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়েছে। তবে কাউকে চিনতে পারেননি তিনি। অপরদিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের বড় দুবলাপাড়া গ্রামের বিএনপি কর্মী মোঃ নুরুন্নবী (৫৫) স্থানীয় জামায়াত কর্মীদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হলে জামায়াতের কর্মীরা তাকে মারপিট করে আহত করেছে। আহত নুরুন্নবীকে পাবনা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। দুইটি বিষয়েই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বলেছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।