নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে বিএনপির অভিপ্রায়ের ভিত্তিতে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। “আমি ধারণা করছি খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ দেবেন। শপথের পর বিএনপি তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করবে, সম্ভবত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে,” বলেন তিনি।
একইদিন বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে বলে জানান আইন উপদেষ্টা। তার ভাষ্য, “আমার জানামতে রাষ্ট্রপতি শপথ পড়াবেন।” আমন্ত্রিতদের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. আসিফ নজরুল বলেন, “দক্ষিণ প্লাজায় শপথ, বিএনপি এই অভিপ্রায় ব্যক্ত করেছিল।” তার মতে, বর্তমান সংসদ অন্য সময়ের চেয়ে ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। “ছাত্র-জনতার আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে আমরা এই সংসদ পেয়েছি। তাই এই সংসদ অন্য সব সংসদের চেয়ে আলাদা।”
তিনি আরও বলেন, সংসদ প্রাঙ্গণে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জুলাই ঘোষণা ও জুলাই সনদ ঘিরে অনুষ্ঠান এখানেই হয়েছিল। দক্ষিণ প্লাজা তাই স্মরণীয়। “এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় ওসমান হাদির জানাজা হয়েছিল,” উল্লেখ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টেশন প্রকাশের স্থান হিসেবেও এই প্রাঙ্গণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান আইন উপদেষ্টা।
পরবর্তী সরকারের মন্ত্রিসভায় তিনি থাকছেন কি না জানতে চাইলে ড. আসিফ নজরুল সংক্ষিপ্ত জবাব দেন, “প্রশ্নই আসে না।”