জাতীয় সংসদে বিএনপি নেতা আব্দুল আজিজ

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৭ পিএম
জাতীয় সংসদে বিএনপি নেতা আব্দুল আজিজ

মাত্র ২৫ বছর বয়সে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা আব্দুল আজিজ। এরপর আরও তিনবার ইউপি চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এবার বিজয়ের মালা পড়ে সংসদে যাচ্ছেন তিনি। নির্যাতন-নিপীড়ন, নৃশংস হামলা ও রাজনৈতিক হয়রানীকে উপেক্ষা করে সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে পৌঁছেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ। তৃণমূল নেতৃত্ব থেকে জাতীয় সংসদ পর্যন্ত তার এই উত্তরণকে আস্থার ধারাবাহিকতার প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয়রা। রাজনৈতিক জীবনে ১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর টানা চারবার চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে প্রায় দুই দশক দায়িত্ব পালন করেন। এ সময়ে অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে ২০১৪ সালে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল আজিজ। ইউনিয়নের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। পাশাপাশি বড়াইগ্রাম উপজেলায়ও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা লাভ করেন। ২০১৮ সালের উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও তার পদত্যাগ পত্র গৃহিত না হওয়ার অজুহাতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে পুনরায় নির্বাচনী মাঠে নামেন তিনি। তফসিল ঘোষণার আগ থেকেই গণসংযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছান। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন আব্দুল আজিজ। তিনি দুই উপজেলায় মোট ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পান এক লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। বিজয়ী হওয়ার পর আব্দুল আজিজ বলেন, এ বিজয় গুরুদাসপুর-বড়াইগ্রামবাসীর। এ বিজয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এ বড় গুরু দায়িত্ব, এ আসনের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা নির্বাচনে যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও সেভাবে পাশে থাকলে আমি আমার উপর দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে