ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়তে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫১ মিনিটে দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে তার প্রার্থিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা নিজের প্রোফাইলে লিখেছেন, “আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।” সংক্ষিপ্ত এই ঘোষণাই মুহূর্তে ছড়িয়ে পড়ে অনলাইনে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৪২ হাজার রিঅ্যাক্ট, ৩৬৪টি মন্তব্য এবং ৮৮৩টি শেয়ার দেখা গেছে। অনেকেই মন্তব্যে জাবেরকে শুভকামনা জানিয়েছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর সংগঠনের নেতৃত্বে আসেন আব্দুল্লাহ আল জাবের। সদস্য সচিব হিসেবে তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন। বিশেষ করে হাদির হত্যার বিচার দাবির আন্দোলনে তার নেতৃত্ব তাকে আলোচনায় নিয়ে আসে। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করা হয়েছে বলে জুমা জানিয়েছেন।
জাবেরের শৈশব ঝালকাঠিতে। নেসারাবাদ কামিল মাদ্রাসায় ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে ঢাকায় দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়ন করে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চশিক্ষা নেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ছাত্রজীবন থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।
২০২০ সাল থেকে ‘হ্যাপি ফাউন্ডেশন বিডি’ নামে একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করছেন জাবের। শিশু শিক্ষা, রক্তদান, পরিচ্ছন্ন নগর ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয় এই প্রতিষ্ঠানে বর্তমানে তিনি নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন। সংগঠনের অভিজ্ঞতা তাকে রাজনৈতিক অঙ্গনেও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করেছে বলে সহকর্মীরা মনে করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সেই প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণে জাবেরের প্রার্থিতার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। ইনকিলাব মঞ্চের ভেতরে ও বাইরে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।