চাঁদপুরে অ্যাম্বুলেন্স-ভ্যান-অটোবাইক ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৯ পিএম
চাঁদপুরে অ্যাম্বুলেন্স-ভ্যান-অটোবাইক ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছ বহনকারী অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালক।  রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ের এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। আহত বশির কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের রসুপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছ বহনকারী অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী কামাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এতে অটোরিকশার চালক বশির গুরুতর আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় তিনটি সেলাই লেগেছে বলে জানা গেছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আসিবুল হাসান চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন অটোরিকশার যাত্রী কামাল হোসেন।  চাঁদপুর সদর থানার ওসি ফয়েজ আহমেদ জানান, মরদেহ প্রাথমিক সুরতহাল করে প্রথমে হাসপাতালে রাখা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কোনে অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।