ঢাকার সাত কলেজ নিয়ে গঠিত নব প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিব। রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ এর ১১(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ড. আবদুল হাছিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিধি অনুযায়ী তিনি বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ৮ ফেব্রুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হয়। রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনতেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে পরিচালিত হবে নতুন এ প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট কলেজগুলোতে আগের মতো অনার্স, ডিগ্রি ও উচ্চমাধ্যমিক কার্যক্রম চলবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে মূল ক্যাম্পাসে অনার্স ও মাস্টার্স পর্যায়ের কার্যক্রম পরিচালিত হবে।
শিক্ষা বিশ্লেষকদের মতে, সাত কলেজের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতা দূর করতে এ বিশ্ববিদ্যালয় গঠন একটি বড় পদক্ষেপ। অভিজ্ঞ প্রশাসক হিসেবে ড. আবদুল হাছিবের নিয়োগ প্রতিষ্ঠানটির কাঠামোগত ভিত্তি শক্ত করতে সহায়ক হতে পারে বলে মনে করছেন তারা।