মেহেরপুরে রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাংচুর

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৩ এএম
মেহেরপুরে রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাংচুর

মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় মেহেরপুর ক্লিনিকে সার্জারীর সময় নাছিমা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, অপারেশন করার আগেই ডাক্তারদের অবহেলায় মৃত্যু হয়েছে রোগীটির। এজন্য চিকিৎসকের অবহেলাকেই দায়ী করেছেন রোগির পরিবার। তবে চিকিৎসক বলছেন, অপারেশন থিয়েটারে নেওয়ার পরই ভীত হয়ে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রোগীটির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানায়, গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের নাছিমা খাতুনকে জরায়ুর সমস্যায় অপারেশনের জন্য সন্ধ্যায় শহরের মেহেরপুর ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯ টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। অস্ত্রপচারের জন্য ডাঃ মিজানুর রহমান ও তার ছেলে ডাঃ মুশফিকুর রহমান অভি প্রস্তুতি নেন। কিছুক্ষণ পর (প্যানিক এ্যাটাক/হার্ট এ্যাটাক) অসূস্থ্য হয়ে পড়েন রোগী নাছিমা। অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়। রোগীর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মারধর শুরু করে দুই চিকিৎসককে। ভাংচুর করা হয় অপারেশন থিয়েটারের যন্ত্রাংশ। এতে গুরুতর আহত হন ঐ দুই চিকিৎসক। ঘটনার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা এসে উদ্ধার করেন ঐ দুই চিকিৎসককে। বর্তমানে তারা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই রোগির মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করে নি পরিবারের সদস্যরা। ডাঃ মিজানুর রহমান বলেন, অবসের ইঞ্জেকশন পুশ করার আগেই ভীত হয়ে রোগীর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদি হাসান দিপু বলেন, রোগীর স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে