রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাতিল ভোটের সঙ্গে পারেননি জাতীয় (জাপা) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। এই দুই প্রার্থী মিলে যে পরিমাণ ভোট পেয়েছেন তার চেয়ে বেশি ভোট বাতিল হয়েছে।
এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এঁরা হলেন বিএনপির ডি এম ডি জিয়াউর রহমান, জামায়াতের আবদুল বারী সরদার, ইসলামি আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম ও জাতীয় পার্টির ফজলুল হক। এই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের আবদুল বারী সরদার।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায় জামায়াতের প্রার্থী আবদুল বারী সরদার এক লাখ ১৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির ডিএমডি জিয়াউর রহমান পেয়েছেন এক লাখ আট হাজার ৬৬৪ ভোট। এছাড়াও জামানত হারানো জাপার প্রার্থী ফজলুল হক পেয়েছেন ১৭০৪ ও ইসলামি আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম পেয়েছেন ৬৪৫ ভোট। বাতিল হয়েছে ৩৯৮৮ ভোট। এছাড়াও জাপার প্রার্থী পোস্টাল পেয়েছেন ৫৫ ও ইসলামি আন্দোলনে প্রার্থী ২৫ ভোট এবং পোস্টাল ব্যালেট ভোট বাতিল হয়েছে ৮৬টি। জামানত হারানো দুই প্রার্থীর মোট ভোটের পরিমাণ ২৪২৯ ভোট। অন্যদিকে বাতিল ভোটের সংখ্যা চার হাজার ৭৪টি। যা দুই প্রার্থীর চেয়ে ১৬৪৫ ভোট বেশি।
নিজেদের পরাজয় মেনে নিয়েছেন জাপা ও ইসলামি আন্দোলনের প্রার্থী। ইসলামি আন্দোলনের প্রার্থী ভোট গণনার শুরুতেই ফলাফল মেনে নিয়ে প্রথম আলোকে বলেছিলেন,' এলাকায় এবার জামায়াতের শক্তিশালী প্রার্থী থাকায় ভোটেী পরিমাণ কম হয়েছে। তবে যতদিন বাঁচাব এই আসন থেকে নির্বাচন করবো।'
জাপা প্রার্থী ফজলুল হক বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে। আগামীতে দলকে শক্তিশালী করা হবে।