তাসকিনকে বিশ্রাম, বিসিএলে ফিরছেন এনামুল-মোসাদ্দেক

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪১ পিএম
তাসকিনকে বিশ্রাম, বিসিএলে ফিরছেন এনামুল-মোসাদ্দেক

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ। চার দলের এই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বড় আলোচনার নাম তাসকিন আহমেদ। ইনজুরিতে না থাকলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে রাখা হয়নি আসরে। তবে দীর্ঘ বিরতির পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।

টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে বিরতিতে আছেন। সেই বিরতি কাটিয়ে মাঠে ফেরার মঞ্চ হচ্ছে বিসিএল। নির্বাচকদের মতে, সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি থাকায় তাসকিনকে সতেজ রাখতেই এই সিদ্ধান্ত। একই কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিমও নেই দলে।

চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অন্যদিকে বিপিএলের ২০২৪-২৫ আসরে নানা বিতর্কের পর নিলামে না থাকা এনামুল ও মোসাদ্দেক এবার সুযোগ পেয়েছেন বিসিএলে। অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপেও তারা ছিলেন না। ফলে এই আসর তাদের জন্য নতুন শুরুর সুযোগ হয়ে আসছে।

২৩, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি লিগ পর্বের ম্যাচ হবে বগুড়া ও রাজশাহীতে। প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে পরস্পরের। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ফাইনাল ম্যাচটি ৩ মার্চ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন রাতের লড়াইয়ে।

দক্ষিণাঞ্চলের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। উত্তরাঞ্চলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পূর্বাঞ্চলে ইয়াসির আলী রাব্বি এবং মধ্যাঞ্চলের দায়িত্বে মাহিদুল ইসলাম অঙ্কন। কাগজে কলমে উত্তরাঞ্চলকে শক্তিশালী মনে করা হচ্ছে। শান্তর সঙ্গে আছেন লিটন কুমার দাস ও আকবর আলীর মতো ক্রিকেটার।

বিসিএলের একদিনের সংস্করণের এটি পঞ্চম আসর। ২০১৪-১৫ মৌসুমে প্রথম শিরোপা জেতে পূর্বাঞ্চল। দীর্ঘ বিরতির পর ২০২১-২২ মৌসুমে পুনরায় শুরু হলে চ্যাম্পিয়ন হয় মধ্যাঞ্চল। পরের দুই মৌসুমে শিরোপা যায় উত্তরাঞ্চলের ঘরে। গত মৌসুমে আসরটি হয়নি।

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখেই মূলত এই আয়োজন। জাতীয় দলের ক্রিকেটারদের ফর্ম ও ফিটনেস যাচাইয়ে বিসিএলকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে