বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার সন্ধ্যায় তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন বলে ইসলামী আন্দোলনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
এদিকে বিএনপির দলীয় সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। এ সময় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের আমির। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।