সোনারগাঁয়ের বারদীর পরমেশ্বরদী এলাকায় গত রোববার রাতে নাঈম (২২) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী বারদী-তালতলা সড়কের পাশের একটি জমি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, রোববার রাত আটটার দিকে এলাকাবাসী পরমেশ্বরদী এলাকায় একটি ফসলি জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পরে থাকতে দেখে। এলাকাবাসী বস্তার ভেতর নড়াচড়া লক্ষ্য করে কাছে গিয়ে দেখতে পায় ভেতরে রক্তাক্ত অবস্থায় নাঈম পড়ে আছে। এসময় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাইম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।