সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম-এর এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বরখাস্ত হওয়া শিক্ষক রিয়াজ উদ্দিন দাবি করেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় তাকে এ শাস্তির মুখে পড়তে হয়েছে। জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির-কে প্রতিষ্ঠানে নিয়ে এসে শিক্ষকদের সঙ্গে নির্বাচনী প্রচারণা-সংক্রান্ত একটি আলোচনা করা হয়। সে সময় উপস্থিত কয়েকজন শিক্ষক ওই আসনের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ছিলেন বলেও জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, এ ধরনের কার্যক্রম নির্বাচন আচরণবিধি ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। এ ঘটনায় শিক্ষক রিয়াজ উদ্দিন প্রকাশ্যে প্রতিবাদ জানান। পরবর্তীতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে তিনি অভিযোগ করেন। বরখাস্তের বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে রিয়াজ উদ্দিন লিখেছেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।” তবে এ বিষয়ে স্কলার্সহোম কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।