নাটোর-৪ আসনে

আব্দুল আজিজকে মন্ত্রী হিসাবে চায় এলাকাবাসী

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৪ পিএম
আব্দুল আজিজকে মন্ত্রী হিসাবে চায় এলাকাবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ-সদস্য বিএনপি নেতা আব্দুল আজিজকে মন্ত্রী হিসাবে দেখতে চান দুই উপজেলাবাসী। নির্বাচনে এক লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। অর্থাৎ বিএনপি প্রার্থী আব্দুল আজিজ ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ ফলাফলে বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। 

স্থানীয়রা জানান, বিগত আওয়ামীলীগ সরকারের দু:শাসন আমলেও আব্দুল আজিজ নেতাকর্মীদের পাশে থেকেছেন। রাজনৈতিক জীবনে তিনি গুরুদাসপুর উপজেলা সাধারণ সম্পাদক, সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। বিগত দিনে দলের কঠিন দু:সময়েও তিনি নিজ এলাকা ছেড়ে যাননি, নেতাকর্মীদের ছেড়ে যাননি। সে সময় মাঠে থেকে হরতাল-অবরোধ পালন করায় দলীয় অফিস হিসাবে ব্যবহৃত তার একটি বাড়িও পুড়িয়ে দেয়া হয়। এমনকি আওয়ামীলীগ নেতাকর্মীরা তাকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মৃত্যুঞ্জয়ী এ নেতা পুনরায় ফিরে আসেন নিজ এলাকায়। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকায় তারাও প্রাণপন চেষ্টা করে নির্বাচনে তাকে বিজয়ী করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান অগ্রগতির জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই তারা মনে করছেন, আব্দুল আজিজ মন্ত্রী হলে এ অঞ্চলের শান্তি, সমপ্রীতি এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।  স্কুল শিক্ষক শাহীনুল ইসলাম শাহীন বলেন, ‘জেলার চারটি আসনের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন আব্দুল আজিজ। এতো বড় ব্যবধানে জয়লাভ করা মানে জনগণের প্রত্যাশাও অনেক বড়। ইতিপূর্বে ১৯৯৬-২০২১ মেয়াদে এ আসনে আওয়ামীলীগের একজন প্রতিমন্ত্রী ছিলেন। তাই চলনবিল অধ্যুষিত এ অঞ্চলের উন্নয়নে এ আলাদা নজর দেওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।’ বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, ‘জনগণের বিপুল সমর্থন প্রমাণ করে আব্দুল আজিজ ভাইয়ের প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ়। তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। আমরা আশা করি, তাকে মন্ত্রী করা হলে বড়াইগ্রাম-গুরুদাসপুর অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।’  ‘তৃণমুলের নেতাকর্মীদের প্রিয় নাম আব্দুল আজিজ। কৃষি নির্ভর এ অঞ্চলে বিগত দিনে যথাযথ উন্নয়ন হয়নি। এ দুই উপজেলাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বেশি সুযোগ বৃদ্ধির জন্য আজিজ ভাইকে মন্ত্রী করার দাবী এখন দুই উপজেলা বাসীর প্রাণের দাবী।

আপনার জেলার সংবাদ পড়তে