ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা -১৭ আসনে জয়ী হয়েছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন বলে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করেছেন। এর প্রেক্ষিতে আজ সোমবার ইসি সচিবালয় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ আজ সোমবার সন্ধ্যায় স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়েছে। তারেক রহমান সংবিধানের বিধান অনুযায়ী দুটি আসনের মধ্যে ঢাকা-১৭ আসনটি রাখার পক্ষে ইসিতে ঘোষণাপত্র দিয়েছেন। এর ফলে সোমবার থেকেই বগুড়া-৬ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য বলে গণ্য হবে।
তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকার গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ এবং তার পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে জয়ী হলেও তাকে শপথ নেওয়ার আগে একটি নির্দিষ্ট আসন বেছে নিয়ে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে, যেখানে তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।