রাজশাহীর তানোরের জুমারপাড়া এলাকায় একমাত্র প্রবেশপথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রোকন উদ্দীন মোল্লার বিরুদ্ধে। এতে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থেকে শেষমেশ বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রমতে, নির্বাচনের পরদিন তিনি বিদ্যালয়ের গেটসংলগ্ন স্থানে কাঁটাতারের বেড়া দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তানোরের এসিল্যান্ড। তবে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৮ সালে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়ায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ইউনিয়নের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের গেটসংলগ্ন প্রায় ১১ ফুট জায়গা ব্যবহার করে আসছে কর্তৃপক্ষ।
জানা গেছে, মুন্ডমালা-আমনুরা সড়কের পাকা রাস্তা থেকে ওই ১১ ফুট জায়গা নিজের দাবি করে সেখানে দোকানঘর নির্মাণের পরিকল্পনা করেন রোকন উদ্দীন মোল্লা এবং গেটের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইউরেকা খাতুন বলেন, স্কুল প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়ক থেকে ১১ ফুট জায়গা ছেড়ে গেট করা হয়েছে। এখন ওই জায়গায় দোকানঘর করার কথা বলে গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে শিক্ষক-শিক্ষার্থী কেউই ভেতরে প্রবেশ করতে পারিনি।
এব্যাপারে এসিল্যান্ড শিব সংকর বসাক জানান, সংশ্লিষ্ট জায়গাটি রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি বলে দাবি করা হয়েছে। তিনি বলেন, বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। পরে কিছুু শিক্ষার্থী বিদ্যালয়ের পেছনের একটি সরু গলি দিয়ে ভেতরে প্রবেশ করলেও অধিকাংশ শিক্ষার্থী দীর্ঘ সময় অপেক্ষার পর বাড়ি ফিরে যায়। ই/তা