নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৬ পিএম
নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক বসে। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষাপটে তাঁকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে জানানো হয়েছে। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি দেশের ইতিহাসে দলটির ষষ্ঠবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

তবে নতুন সংসদের শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরই সেই শপথের প্রসঙ্গ আসবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে