রাজশাহী সীমান্ত থেকে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ

এফএনএস (এম এম মামুন; মোহনপুর, রাজশাহী) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৪ পিএম
রাজশাহী সীমান্ত থেকে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ

রাজশাহী নগরীর মতিহার সীমান্ত এলাকা থেকে বিজিবি ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে।সোমবার (১৬ ফেব্রুয়ারী) রাত  ৮টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল তথ্যপ্রাপ্তি অনুযায়ী ফুলতলা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে কিছু চোরাচালানী মালামাল নিয়ে আসছে লোকজন। এ তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল অগ্রিম অবস্থান গ্রহণ করে। কিছু সময় অপেক্ষার পর, চরের অভ্যন্তর থেকে সন্দেহজনক লোকজনের পদচারণা লক্ষ্য করলে টহল দল এগিয়ে যায়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে বিজিবি জব্দ করে ১০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১,০০০ পিস ইলেকট্রিক বাল্ব এবং ৫২৫ পিস ইলেকট্রিক পুশ সুইচ। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে হস্তান্তর করার কার্যক্রম চলছে।বিজিবি জানিয়েছে, চোরাচালান রোধে তারা সীমান্ত এলাকায় “জিরো টলারেন্স”নীতি অব্যাহত রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে