সেই ১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৩ পিএম
সেই ১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে যে ‘১০ নম্বর জার্সি’ হয়ে উঠেছিল এক ধরনের প্রতীক, সেই পোশাক পরেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন তিনি।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থনে কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচিত হন হাসনাত। শপথ অনুষ্ঠানে হাজির হয়েই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। কারণ, আন্দোলনের দিনগুলোতে যেই বটল গ্রিন রঙের জার্সি পরে তাকে রাজপথে দেখা গেছে, সংসদেও তিনি সেই একই জার্সি বেছে নেন।

এই জার্সির সামনের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো এবং তার বিভাগের নাম ইংরেজিতে লেখা রয়েছে। পেছনে বড় করে লেখা ‘Hasnat’, সঙ্গে ১০ নম্বর। জুলাই আন্দোলনের সময় থেকে শুরু করে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান পর্যন্ত এই পোশাকেই তাকে একাধিকবার দেখা গেছে। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে ঢাকায় এলে শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানাতেও একই জার্সি পরেছিলেন হাসনাত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনের সব কেন্দ্রে জয় পান তিনি। ভোট পান ১ লাখ ৬৬ হাজার ৫৮৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন ট্রাক প্রতীকে পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।

শপথের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছিল, তিনি কি সংসদেও সেই আলোচিত জার্সি পরবেন। কৌতূহলের অবসান ঘটিয়ে শপথ মঞ্চে ঠিক সেই পোশাকেই হাজির হন তিনি। তার সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের কয়েকজন নেতাকেও সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় আনুষ্ঠানিকতার ভেতরেও আন্দোলনের প্রতীক বহন করার এই সিদ্ধান্ত প্রতীকী বার্তা বহন করে। এতে তিনি তার রাজনৈতিক অবস্থান ও অতীত আন্দোলনের পরিচয় অক্ষুণ্ন রাখার ইঙ্গিত দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে