ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা, দূর্গাপুর) সংসদীয় আসনে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নেত্রকোণাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
এর আগে, ব্যারিস্টার কায়সার কামাল ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
মঙ্গলবার দুপুরের দিকে খবরটি ছড়িয়ে পড়লে নেত্রকোণা-১ আসনের জনসাধারণ উচ্ছাস প্রকাশ করেন। দলীয় বিএনপির নেতাকর্মীরাও আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “কায়সার কামাল প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নেত্রকোণা জেলাবাসী আনন্দিত। আমরাও উল্লাসিত উচ্ছ্বসিত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ আমরা।”
তারা আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিপরিষদ দেশের ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের দৃষ্টান্ত হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে।”
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, “বাংলাদেশ স্বাধীনতার অর্ধশত বছর পর সীমান্তবর্তী এলাকা দূর্গাপুর, কলমাকান্দা উপজেলার জনগণের বহু বছরের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে। এই প্রথম মন্ত্রী পেয়েছেন দূর্গাপুর, কলমাকান্দা উপজেলার জনগণ। আশা করছি সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপত্তাসহ উন্নয়নের ছোঁয়া পাবেন। কেন্দ্রীয় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাসহ আন্তরিক অভিনন্দন।”