তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য পাবনার সুজানগরের জিয়ালগারি ভবানীপুর মাঠে সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস এবং কারিগরি আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার মোঃ আখেরুল রহমান। এতে আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আম্বিয়া খাতুন, বিশ্বজিৎ শীল, কৃষক আলহাজ্ব খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক রানা ও কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক-কৃষাণি অংশ নেন।