৫ এমপি মন্ত্রিসভায়, উন্নয়নের আশায় বরিশালবাসী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম
৫ এমপি মন্ত্রিসভায়, উন্নয়নের আশায় বরিশালবাসী

বরিশাল বিভাগ থেকে পাঁচজন সংসদ সদস্য এবার স্থান পেয়েছেন জাতীয় মন্ত্রীসভায়। তাদের মধ্যে দুইজন পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন এ অন্তর্ভুক্তিকে ঘিরে বরিশালে বইছে আশাবাদের হাওয়া। দক্ষিণাঞ্চলে এবার উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করা পাঁচজনের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মো. রাজীব আহসান রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ ব্যাপারে বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, বরিশাল বিভাগের পাঁচজন সংসদ সদস্য মন্ত্রী সভায় স্থান পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে আনন্দের খবর। তিনি আরও বলেন, এই জনপদের দিকে প্রধানমন্ত্রী ও আমাদের নেতা তারেক রহমানের সুদৃষ্টি আছে বলেই বিচ্ছিন্ন এই জনপদ থেকে তিনি মন্ত্রী ও প্রতিমন্ত্রী মনোনীত করেছেন। আমরা আশা করছি বরিশাল আর অবহেলিত থাকবে না। সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলার সদস্য কবি হেনরী স্বপন বলেন, বরিশাল থেকে এবার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই মন্ত্রীত্ব পাওয়ার যোগ্যতা রাখেন। তারমধ্যে থেকে পাঁচজনকে মন্ত্রীত্ব দেওয়া হয়েছে। যদিও বরিশালবাসীর প্রত্যাশা আরও বেশি ছিল। বরিশালের সাধারণ নাগরিকরা নতুন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন সড়ক, বরিশাল-ভোলা সেতু, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে আনাসহ তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও শিল্পায়নের ওপর যেন সর্বাধিক গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে