রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জনগণ আমাদের দায়িত্ব দিয়েছেন। এখন সেই দায়িত্বের ও ইনসাফের জায়গা থেকে প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় ঘুষ ও চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করা হবে। যাতে করে সব জায়গায় ঘুষ, দূর্নীতি ও চাঁদাবাজ নির্মূল হয়। তিনি বলেন, আগামী দিনে এভাবেই চাঁদাবাজদের আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর তানোর উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় ও শুকরিয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক, সেক্রেটারি মো. গোলাম মুর্তজা, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবাইদুল্লাহ, জেলা মজসিদ মিশনের সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম ও তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দিনসহ বিপুল সংখ্যক জাময়াতের নেতৃবৃন্দ।
এরআগে উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন তানোর উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান ও এসিল্যান্ড শিব শংকর বসাক ছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ।