শ্রীমঙ্গলে শিক্ষা বিষয়ক গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২২ এএম
শ্রীমঙ্গলে শিক্ষা বিষয়ক গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন

শ্রীমঙ্গলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গলের  হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান রচিত ‘বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে প্রধান শিক্ষকের ভূমিকা’ শীর্ষক গ্রন্থটি বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ নিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী। অনুষ্ঠানে গ্রন্থের লেখক কামরুল হাছান তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়; অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন ও কার্যকর নেতৃত্ব শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বইটিতে বিদ্যালয় ব্যবস্থাপনায় প্রধান শিক্ষকের বাস্তব অভিজ্ঞতা, করণীয় ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শ্রীমঙ্গলের সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. আল আমিন, রানার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাশসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ চা-চক্র অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে