খুলনায় ২০ ঘন্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত এবং বুধবার রাতে নগরীর লবণচরা ও টুটপাড়া মওলার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে আহত যুবকদ্বয় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি লবণচরা ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় কতিপয় সন্ত্রাসী তাকে লক্ষ করে পরপর দুই রাউন্ড গুলি করে। দুইটি গুলি তার ডান পায়ের হাটুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়। লবণচরা থানার এসআই খালিদ হাসান বলেন, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আহত যুবকের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে নগরীর টুটপাড়া মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে দুর্বৃত্তরা সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় চেগা সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত সোহেল টুটপাড়া মওলার বাড়ি এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকা-সহ একাধিক অভিযোগ রযেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টুটপাড়া মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক কারবারের জের ধরে প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে গুলি করে হত্যার চেষ্টা করতে পারে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য আহত সোহেলকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের সনাক্ত করে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।