গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন। এ তথ্য তদন্ত কর্মকর্তাকে সরবরাহ না করায় সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। ৮ ফেব্রুয়ারি জারি করা ওই নোটিশে আদালত উল্লেখ করেন, একাধিক নির্দেশের পরও চাওয়া তথ্য না পাওয়ায় বিচারকাজ বিলম্বিত হচ্ছে। আদালত ডিসিকে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকায় তাজ উদ্দিন নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রী রুলী বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তদন্তের স্বার্থে পিবিআই জেলা প্রশাসকের কাছে গুলি চালানোর আদেশদাতা ম্যাজিস্ট্রেটের নাম ও সংশ্লিষ্ট তথ্য চেয়ে চিঠি দেয়। তবে দীর্ঘ সময় পার হলেও সেই তথ্য সরবরাহ করা হয়নি বলে আদালতকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।