বাবার লাশ রেখে সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর দাফন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১৩ পিএম
বাবার লাশ রেখে সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর দাফন
ছবি, সংগৃহিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি পরিবারে সম্পত্তি বণ্টন নিয়ে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বাবার মৃত্যুর পর ৩০ ঘণ্টা লাশ রেখে ভাগাভাগি শেষে তারপর দেওয়া হয়েছে দাফন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লিখিত সমঝোতার পর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। ঘটনাটি ঘটে নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায়। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজিজার রহমান (৭৫) মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন বেলা ১১টায় জানাজা নির্ধারণ করে এলাকায় মাইকিংও করা হয়। তবে সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিলে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি।

পরিবারের দাবি, জীবদ্দশায় বাড়িভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন আজিজার রহমান। এ নিয়ে প্রথম পক্ষের ছেলে আবদুল হাকিমের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। বুধবার সকালে জানাজায় লোকজন জড়ো হলে হাকিম সম্পত্তির সমবণ্টনের দাবি জানিয়ে দাফনে আপত্তি তোলেন। ফলে মরদেহ কাফন পরানো অবস্থায় বাড়ির আঙিনায় খাটিয়ায় পড়ে থাকে।

দিনভর স্থানীয় মুরব্বি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিক বৈঠক হলেও তাৎক্ষণিক সমাধান হয়নি। অবশেষে রাত ১০টার দিকে সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয়- বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন এবং বাকি অংশ বোনের প্রাপ্য হিসেবে থাকবে। আবাদি জমি আইনগত প্রক্রিয়ায় তদারকির মাধ্যমে বণ্টনের কথাও উল্লেখ করা হয়। এ বিষয়ে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামায় উভয় পক্ষ স্বাক্ষর করে। সমঝোতা হওয়ার পর রাত ১১টায় জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

ঘটনাটি নিয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা হিল জামান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে