সততা ও নিষ্ঠার সাথে কাজ শুরু করব: মন্ত্রী আরিফুল হক

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫২ পিএম
সততা ও নিষ্ঠার সাথে কাজ শুরু করব: মন্ত্রী আরিফুল হক

“এখন থেকেই আমাদের এলাকার জন্য কাজ শুরু করতে হবে। সময় খুব সীমিত, পাঁচ বছর খুব অল্প। দোয়া করবেন যেন সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে পারি।” মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি সিলেটে ফিরে আরিফুল হক চৌধুরী উপস্থিত জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার আসনের ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সম্মানিত করেছেন। এটি সিলেটবাসী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধার প্রকাশ।”

মন্ত্রী আরও বলেন, “কারো প্রতি বৈরী মনোভাব না রেখে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আজ আমি আমার জন্মস্থান সিলেটে এসেছি। দিনটি আমার মায়ের সঙ্গে কাটাবো। পরে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবো এবং পরদিন এলাকার জনগণের সঙ্গে সময় কাটাবো।” সিলেটের উন্নয়নের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, “ঢাকার বিমানবন্দরে সেবা সেন্টারগুলো দেখেছি, কিন্তু প্রবাসী অধ্যুষিত সিলেটে তা নেই। ইনশাআল্লাহ প্রবাসীদের এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে সবাইকে নিয়ে কাজ করবো।” উন্নয়ন কর্মকাণ্ডের রোডম্যাপ সম্পর্কে তিনি বলেন, “আমরা ১৮০ দিনের কর্মপন্থা গ্রহণ করেছি। দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, বিমানসহ বিভিন্ন সমস্যা নিয়ে সকল সংসদ সদস্য বসবেন।” কাউন্সিলর থেকে ধাপে ধাপে মেয়র, এরপর এমপি এবং বর্তমানে মন্ত্রী হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “এটা সব আল্লাহর দয়া ও সিলেটবাসীর দোয়া ও সহযোগিতায় সম্ভব হয়েছে। আশা করি, আগামী দিনেও আপনারা দেশের এবং জনগণের উন্নয়নে আমাদের সঙ্গে কাজ করবেন।” নবনিযুক্ত মন্ত্রী হিসেবে এটি আরিফুল হক চৌধুরীর প্রথম জেলা সফর। চার দিনের এই সফরে তিনি তার রাজনৈতিক গুরু ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার তিনি বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। এদিন তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান। উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী সিলেট-৪ (জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি সিলেট সিটি করপোরেশন-এর মেয়র ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে