গাইবান্ধার পলাশবাড়ীতে মাহে রমজান উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী ৪ হাজার ৬শ’ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়। মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু তার নিজস্ব অর্থায়নে এই চাল এ এলাকার মুসলিম ধর্মাবলম্বী হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। ১৫ কেজি, ১২ কেজি ও ১০ কেজি পরিমাণ চালের প্যাকেট জনপ্রতি দরিদ্রতার পরিমাপের ভিত্তিতে বিতরণ করা হয়। হরিদাস বাবু বলেন, আমার জীবনের সব কিছুই সবার। আমার মুসলিম ভাই বোনেরা এই রোজার মাসে সুন্দর করে খাবার খাইতে পারে সেজন্য হতদরিদ্র ও অসহায় ৪ হাজার ৬শ’ পরিবারের জন্য আমার এ সামান্য চেষ্টা। আমি হিন্দু-মুসলিম বৈষম্য বুঝিনা। আমি মানুষ বুঝি। আমি মানুষ হয়ে আরেক মানুষকে শ্রদ্ধা সম্মান করব, পাশে থাকবো এটাই আমার প্রত্যাশা। তিনি আরো বলেন, আমি সকল ধর্মালম্বীদের আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। এখনও করছি। ভবিষ্যতেও করবো।