আ.লীগ যেভাবে গেছে, বিএনপি সেভাবে যেতে চায় না : চাঁদ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৭ এএম
আ.লীগ যেভাবে গেছে, বিএনপি সেভাবে যেতে চায় না : চাঁদ

চাঁদাবাজি ও অবৈধ কর্মকান্ডে বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।  তিনি বলেছেন, “আওয়ামী লীগ যেভাবে গেছে, বিএনপি সেভাবে যেতে চাই না। এ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যেভাবে পালিয়ে গেছে, আমি সেভাবে পালাতে চাই না। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই। ১০ দিনের জন্য থাকলেও মানুষকে শান্তি দিতে চাই।” বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বিষয়ে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ আরও বলেন, “বিএনপির লোক হলেও যারা ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত, তাদের থানায় নিয়ে এসে বাঁধেন। কোনো নেতা যদি তদবির করতে যায়, তাকেও ধরবেন। মাদকের সঙ্গে কোনো আপোস হবে না।” ওসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাসিক বা সাপ্তাহিক চুক্তিতে জড়িত থাকে, তাদের সতর্ক করতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তুলে প্রয়োজীয় ব্যবস্থা নেওয়া হবে। বিজিবির অভিযানে উদ্ধার হওয়া মাদক ‘পরিত্যক্ত’ দেখিয়ে মামলা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “মাল ধরলেন, আসামি কই? মানুষ কি এটা বিশ্বাস করবে?” স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ছয় মাসের আল্টিমেটাম চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ যাতে চিকিৎসার জন্য ভারতে যেতে বাধ্য না হয়, সে পরিবেশ তৈরি করতে হবে। “ ডাক্তাররা কি লেখাপড়া জানেন না? নাকি নকল করে পাস করেছেন? আমরা চাই, দেশের মানুষ দেশেই উন্নত চিকিৎসা গ্রহন করুক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি ছয় মাসের মধ্যে সেবার মান উন্নয়নের আহ্বান জানান এবং প্রয়োজন হলে আর্থিক সহায়তার আশ্বাস দেন। চাঁদাবাজি ও অবৈধ বালুঘাটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, লোভ-লালসার ঊর্ধ্বে দাবি করে বলেন, “আমাকে ঢাকা বা বিদেশে বাড়ি করতে হবে না। আমি কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেব না। আমার দলের লোক হলেও তাকে হাজতে ঢোকান।” অবৈধ বালুঘাট, সুদের কারবার ও ভূমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “ছয় মাসের মধ্যে পরিবর্তন চাই। প্রশাসনের ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না।” নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে তিনি বলেন, থানায় গিয়ে কোনো দালালি করা যাবে না। “যে অবৈধ কাজ করবে, সে জেলখানায় যাবে, সে যে-ই হোক।

আপনার জেলার সংবাদ পড়তে