ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন-ভাঙচুর

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১১ পিএম
ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন-ভাঙচুর

ময়মনসিংহের তারাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন।

তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের তিনতলা কার্যালয়টির দুতলার ভেতরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে টায়ারে আগুন ধরিয়ে দেন তারা এবং দেয়াল হাতুড়ি দিয়ে ভাঙচুর করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস, জাতীয় যুব শক্তির জেলা যুগ্ম আহ্বায়ক, এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম সদস্য সচিব তৌহিদ আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১০ সদস্য কার্যালয়টিতে ঢ়ুকে অবস্থান নেন। এসময় তারা কার্যালয়ে দলীয় ব্যানার টাঙান। পরে দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভে রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি নেতারা কার্যালয়টির ভেতরে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় পোড়া কার্যায়লটির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দেয়ালের ইট ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা তারাকান্দা থানায় গিয়ে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, “আগুন ধীরে ধীরে নিভে গেছে। আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না, এখানে কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না।”

আপনার জেলার সংবাদ পড়তে